Logo
প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ AM || প্রকাশের তারিখঃ ১৭ ডিসেম্বর, ২০২৫, ৮:০৫ PM

সংসদ নির্বাচন সামনে রেখে নড়াইলে জামায়াতের দুই প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

News Image

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল জেলার দুটি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থীদের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
নড়াইল–১ (আসন–৯৩) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার এবং নড়াইল–২ (আসন–৯৪) আসনে জেলা জামায়াতের আমীর মো. আতাউর রহমান বাচ্চু–এর নামে মনোনয়নপত্র উত্তোলন করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নড়াইল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জামায়াতে ইসলামের প্রতিনিধিদল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করে।
জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান জানান, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে জেলা নির্বাচন অফিস থেকে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়। পরবর্তীতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেট ড. আব্দুল ছালাম দুইটি আসনের মনোনয়নপত্র জামায়াত নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করেন। তিনি আরও জানান, প্রার্থীরা এ সময় উপস্থিত না থাকলেও মনোনয়নপত্র যথাসময়ে পূরণ করে জমা দেওয়া হবে।
মনোনয়নপত্র সংগ্রহকালে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আইয়ুব হোসেন খান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জমিরুল হক টুটুল, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমিন, লোহাগড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামান, কালিয়া উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম, সদর পৌরসভা আমীর মো. জাকির হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই কার্যক্রম চলবে। ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। প্রচারণা শেষ হবে ১০ ফেব্রুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।